শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: নতুন তথ্য প্রকাশ

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের নতুন তথ্য প্রকাশ, ভাইরাসের জিনগত বিশ্লেষণে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: নতুন তথ্য প্রকাশ

কঙ্গোতে এবারের ইবোলা প্রাদুর্ভাবের সূচনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে গবেষকরা। ভাইরাসের জিনগত বিশ্লেষণে দেখা গেছে, এটি ২০০৭ বা ২০১২ সালের প্রাদুর্ভাবের ধারাবাহিকতা নয়। বরং বুন্ডিবুগিও ধরনের ইবোলা প্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশের পরই এর সংক্রমণ ছড়াতে শুরু করে।

গবেষকরা ডিআর কঙ্গো ও উগান্ডার ২২ জন রোগীর শরীর থেকে নেওয়া ভাইরাসের নমুনা পরীক্ষা করেছেন। এবারের প্রাদুর্ভাবের ভাইরাসটি বুন্ডিবুগিও ধরনের হলেও এর জিনগত বিশ্লেষণে দেখা গেছে, এটি পূর্বের প্রাদুর্ভাব থেকে সরাসরি সংক্রমিত হয়নি।

বিশেষজ্ঞরা জানান, নতুন প্রাদুর্ভাবের ভাইরাসটি পরিচিত বুন্ডিবুগিও ভ্যারিয়েন্টই, যা এবার নতুন করে প্রাণী থেকে মানুষের শরীরে এসেছে। তবে কোন প্রাণী থেকে এই সংক্রমণ শুরু হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এবারের প্রাদুর্ভাবে চার হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।

চিকিৎসকরা জানান, ভাইরাসটির বিরুদ্ধে এখনও অনুমোদিত টিকা বা নির্দিষ্ট ওষুধ নেই। রোগীদের স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে পানিশূন্যতা ও অন্যান্য জটিলতা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সংক্রমণ থামানোর প্রস্তুতি যথেষ্ট নয়। মানুষের ও প্রাণীর সংস্পর্শস্থলে নজরদারি, দ্রুত জিনগত পরীক্ষা, এবং বিভিন্ন ধরনের ইবোলা শনাক্তের সক্ষমতা বাড়ানোও জরুরি।

বিজ্ঞাপন