ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ না নেওয়ার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাজ্য, বুলগেরিয়া এবং ইউক্রেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনটি দেশের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিফোন কল এসেছে।
বাঘাই জানান, কথোপকথনে যুক্তরাজ্য, বুলগেরিয়া ও ইউক্রেন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বা সামরিক অভিযানে যুক্ত হবে না।
হরমুজ প্রণালি প্রসঙ্গে বাঘাই বলেন, ওমানের সাথে আলোচনা চলমান রয়েছে, যেখানে একটি ট্রানজিট রুট নিয়ে আলোচনা হচ্ছে, যা উত্তর বা দক্ষিণ রুট—কোনোটিই নয়।
তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি ওমানের সাথে আলোচনা থেকে আলাদা। বাঘাই অভিযোগ করেন, চুক্তি বা সমঝোতা স্মারকে নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র নৌ-চলাচল শুরু করতে দেয়নি।
তিনি আরও বলেন, মার্কিন এই অঙ্গীকার লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে।