দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে চালকদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। বেশ কয়েক ঘণ্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছেন না তারা।
সিএনজি স্টেশন কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে সারা দেশে গ্যাস সরবরাহ কমে গেছে। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গ্যাস সংকটের চিত্র।
গ্যাসের অভাবে বেশ কিছু সিএনজি স্টেশন বন্ধ রয়েছে। খোলা স্টেশনগুলোতেও গ্যাসের স্বল্পতার কারণে চালকদের অর্ধেকেরও কম গ্যাস নিয়ে ফিরতে হচ্ছে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, কক্সবাজারের মহেশখালিতে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার ফলে এই সংকট তৈরি হয়েছে। তবে তারা এই সমস্যার সমাধান সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি।
গ্যাস না পেয়ে অনেক চালক তেল নিচ্ছেন, যার ফলে তেলের জন্যও দীর্ঘ সারি তৈরি হচ্ছে। উল্লেখ্য, ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে আগুন লাগার পর থেকে টার্মিনালটি বন্ধ রয়েছে, যা দৈনিক ৫০ কোটি ঘনফুটেরও বেশি গ্যাসের ঘাটতি সৃষ্টি করেছে।