কক্সবাজারের মহেশখালী উপকূলে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আবার শুরু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিট থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় টার্মিনালের যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো সফলভাবে আনলোড করা গেলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ বাড়িয়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও গ্যাস সরবরাহ চালু হলো।