স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশু হামের টিকা পায়নি।
মন্ত্রী বলেন, আগামীতে আরও ১ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন উল্লেখ করেন, স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সরকার কাজ করছে। তবে সততা না থাকলে তা সম্ভব নয়। স্বাস্থ্যখাতে বরাদ্দকৃত বাজেট দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও জানান, আট বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি, ৫ বিভাগীয় শহরে শিশু হাসপাতাল দ্রুত চালু করা হবে। ১ হাজার শয্যার ১৮টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।