ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ‘রিসেট’-এর বিষয়ে আগেও আলোচনা হয়েছে এবং এ নিয়ে পূর্ণ ঐকমত্য রয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ড. খলিলুর রহমান বলেন, "আগামীতে পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে, এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে, সার্বভৌম সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা একমত।"
তিনি আরও উল্লেখ করেন, "আমাদের কোনো দেশের সঙ্গে সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো-সাম গেম নয়।" তিনি বলেন, "এক দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে আরেকজনের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে না।"
পররাষ্ট্রমন্ত্রী চীনের সঙ্গে সফরের সফলতা তুলে ধরে বলেন, "ভবিষ্যতে প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে আশা করি, সেই সফরও সফল হবে।" তিনি জানান, বাংলাদেশের বহু দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তা স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
এছাড়াও, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের ঢাকা সফরে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না বলেও জানান তিনি।