রাজধানী যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে মো. সিয়াম (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে সিয়ামকে মৃত ঘোষণা করেন। সিয়ামের বাড়ি যাত্রাবাড়ীর কোনাপাড়া মোর আলামিন রোড এলাকায়।
সিয়ামের বাবা সোনা মিয়া জানান, সিয়াম বোরহাহউদ্দিন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিকেলের দিকে তিনি দুই বন্ধু নিয়ে পাশের বাসার ছাদে ইয়ারফোনে গান শুনছিলেন।
হঠাৎ করে কান থেকে ইয়ারফোন খুলে বিদ্যুৎ লাইনের তারের ওপর পড়ে যায়। পরে ওই ইয়ারফোন রড দিয়ে আনার সময় সিয়াম এবং তার বন্ধু দুজনেই বিদ্যুতায়িত হন।
ঘটনা জানার পর দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে সিয়ামকে ডাক্তার মৃত ঘোষণা করেন। সিয়ামের বন্ধু গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্নে ভর্তি রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।