সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলায় রাশিয়া ও ইরান-সংশ্লিষ্ট জাহাজ ক্ষতিগ্রস্ত

ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলায় রাশিয়া ও ইরান-সংশ্লিষ্ট জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি।

ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলায় রাশিয়া ও ইরান-সংশ্লিষ্ট জাহাজ ক্ষতিগ্রস্ত

ক্যাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং ইরান-সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত কয়েকটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ দাবি করেন। তিনি জানান, দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে ইউক্রেন ক্যাস্পিয়ান সাগরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

জেলেনস্কি বলেন, 'আমরা ক্যাস্পিয়ান সাগরে দীর্ঘপাল্লার হামলার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি। এর মধ্যে ইরান-সংশ্লিষ্ট সামরিক পণ্য পরিবহনে ব্যবহৃত জাহাজও রয়েছে।'

তবে হামলার বিস্তারিত তথ্য, কোন কোন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কখন এই অভিযান চালানো হয়েছে—সে বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট কোনো তথ্য দেননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ করে আসছে কিয়েভ ও তার মিত্ররা।

বিজ্ঞাপন