মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
২৫ জুলাই শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেইর এজ-জর এবং রাজধানী দামেস্কের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানীর সাথে যুক্ত করেছে।
রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, আহতদের চিকিৎসাসেবার জন্য হোমস এলাকার সামরিক হাসপাতালে দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার বেসামরিক অবকাঠামোর জরাজীর্ণ অবস্থার কথা বিবেচনা করলে, এই মহাসড়কটি দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত।