মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে সতর্কতা, হুতিদের সঙ্গে উত্তেজনা

সৌদি আরব ইয়েমেনের হুতিদের সঙ্গে উত্তেজনার মধ্যে লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি করেছে।

সৌদি আরবের লোহিত সাগর উপকূলে সতর্কতা, হুতিদের সঙ্গে উত্তেজনা

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিদ্রোহীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের লোহিত সাগর উপকূলবর্তী দুটি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় ভোরে ইয়ানবু ও জাজান প্রদেশে এই সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ।

সতর্কতা জারির সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়। সৌদি সিভিল ডিফেন্স জানায়, ‘সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে।’ তবে কর্তৃপক্ষ কী ধরনের হুমকি ছিল বা তার উৎস সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি।

লোহিত সাগর উপকূলে অবস্থিত ইয়ানবু শহর সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী, যেখানে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল রফতানির সক্ষমতা রয়েছে। অন্যদিকে, ইয়েমেন সীমান্তের কাছে জাজান প্রদেশে একটি বড় তেল শোধনাগার রয়েছে।

এদিকে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অগ্নি শনাক্তকরণ স্যাটেলাইটের ছবিতে শনিবার ভোরে জাজানের তেল শোধনাগারের পূর্বদিকে আগুনের উপস্থিতি দেখা গেছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

হুতিরা জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী দিনের পরবর্তী সময়ে ‘ব্যাপক ও বিশেষ ধরনের সামরিক অভিযান’ সম্পর্কে ঘোষণা দেবে। এর আগে, ২৪ জুলাই লোহিত সাগরে একটি সৌদি জাহাজে হামলার জেরে ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় হুতির লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব।

এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ড জানায়, এই হামলা ছিল ‘সমানুপাতিক সামরিক জবাব’। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুতি বিদ্রোহীরা যদি তাদের বৈরী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে কোনো ধরনের শিথিলতা ছাড়াই তার জবাব দেওয়া হবে।

হুতির রাজনৈতিক ব্যুরো সৌদি হামলাকে ‘উত্তেজনার বিপজ্জনক বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করেছে এবং দাবি করেছে, সামরিক ও রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে সৌদি আরব ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সাধারণ মানুষের জীবিকার ওপর হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন