ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েকটি অঞ্চল। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানলের বিস্তার ঠেকাতে বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জিরন্দ অঞ্চলে রাতভর প্রায় ৫৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, যা মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ লাখ ৬৭ হাজারে নিয়ে এসেছে।
দাবানলটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরন্দ ও লঁদ অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ক্যাপ ফেরে উপদ্বীপ এবং বোর্দোর কাছাকাছি বেশ কয়েকটি এলাকা খালি করে দেওয়া হয়েছে।
এদিকে, স্পেনে মাদ্রিদের আশপাশে দাবানল ছড়িয়ে পড়ার কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মাদ্রিদ মহানগর এলাকায় প্রায় ৬৮ লাখ মানুষ বসবাস করেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার মাদ্রিদের সেনিসিয়েন্তোস গ্রামের অগ্নিনিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করেন এবং দমকলকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
স্পেন সরকার জানিয়েছে, রাজধানীর আশপাশে আগুন অব্যাহত থাকায় প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং ৪০ হাজার মানুষকে ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রিদ অঞ্চলের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জানিয়েছেন, দাবানল বর্তমানে ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং এটি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সক্ষমতার ওপর বড় চাপ তৈরি হয়েছে।