আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচনের পাশাপাশি স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়।
এটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ফুটবল আসরের ক্ষণগণনা। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, সার্কভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা, জাতীয় দলের অধিনায়ক এবং করপোরেট অংশীদাররা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। এটি হবে চতুর্থবারের মতো বাংলাদেশের এই টুর্নামেন্ট আয়োজন। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে সাফের আসর বসেছিল ঢাকায়।
২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতিও শুরু করেছে বাফুফে। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।