বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

অক্টোবরের শুরুতে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল

অক্টোবরের শুরুতে কলকাতায় একটি প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল ফুটবল দল।

অক্টোবরের শুরুতে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল

২০২৬ ফিফা বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসের পর ব্রাজিল ফুটবল দল ভারত সফরের পরিকল্পনা করছে। আগামী অক্টোবরের শুরুতে কলকাতায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।

ইএসপিএন ব্রাজিল ও এস্তাদাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতের আয়োজকদের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। বর্তমানে চুক্তির কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তবে ব্রাজিলের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি।

বিশ্বকাপ চলাকালে ভারতের বিভিন্ন শহরে হাজারো সমর্থককে ব্রাজিলের জার্সি পরে উল্লাস করতে দেখা যায়। এই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারত সফরের আলোচনা শুরু হয়। কলকাতা বিশেষভাবে ব্রাজিল সমর্থকদের বড় কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে।

সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ৬ পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল তিনটি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।

অক্টোবরের শুরুতে কলকাতায় তৃতীয় ম্যাচটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সিবিএফ প্রথমে চারটি ম্যাচ খেলার সম্ভাবনা বিবেচনা করেছিল, তবে ভ্রমণ ও প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় নিয়ে তিন ম্যাচেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরও ব্রাজিলকে আতিথ্য দেওয়ার আগ্রহ দেখিয়েছিল, তবে তাদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। কলকাতায় ম্যাচ আয়োজনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রাজিলের বিশাল সমর্থকগোষ্ঠীর কাছে পৌঁছাতে চায় সিবিএফ।

এখনও পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা ভারতের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের ঘোষণা দেয়নি, তবে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন