রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বার্থান্বেষী গোষ্ঠী রক্ষা অগ্রহণযোগ্য: ইশরাক হোসেন

স্বার্থান্বেষী গোষ্ঠী রক্ষা করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

স্বার্থান্বেষী গোষ্ঠী রক্ষা অগ্রহণযোগ্য: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, স্বার্থান্বেষী কোনো গোষ্ঠীকে রক্ষা করা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তিনি শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনি তদন্ত হওয়া উচিত। তিনি বিএনপির প্রার্থী ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা বন্ধের আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, বৃহৎ শিল্পগোষ্ঠী ও তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অতীতে অর্থনৈতিক অনিয়ম, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং স্বৈরাচারী সরকারকে সহযোগিতার অভিযোগ উঠেছে।

প্রতিমন্ত্রী বলেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। তিনি আরও বলেন, গণমাধ্যম, অর্থ ও রাজনৈতিক পরিচয়ধারী ভাড়াটে ব্যক্তিদের ব্যবহার করে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনিভাবে প্রতিহত করতে হবে।

ইশরাক হোসেন বলেন, বিএনপি নেতাদের অবশ্যই মনে রাখতে হবে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে দল ও দেশের স্বার্থ। তিনি উল্লেখ করেন, কোনো ব্যক্তির আর্থিক সুবিধার জন্য দলের রাজনৈতিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার অধিকার কারও নেই।

তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর কাছে প্রতিকার চাওয়া হবে। যদি ষড়যন্ত্র ও অপপ্রচারের চেষ্টা বন্ধ না হয়, তবে গণতান্ত্রিক, সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, যারা বৃহৎ গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী হিসেবে কাজ করছে, তাদের মনে রাখতে হবে এই ভূমিকা সাময়িক। তিনি বলেন, অভিযুক্ত মালিকদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে পেশাদার ও আইনসম্মত ব্যবস্থাপনায় সচল রাখতে হবে।

ইশরাক হোসেন ব্যক্তিগত প্রতিহিংসার বিরুদ্ধে সত্য উদ্ঘাটন, জবাবদিহি, আইনের শাসন ও দলের ত্যাগী নেতাকর্মীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন