সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামীর জিঞ্জিরে আটকে যায়। তিনি বলেন, "যার কারণে তাদের ৫ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে।"
তিনি শুক্রবার বিকেলে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই সভা জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে অভয়নগর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বকে উৎসাহ করা হচ্ছে।" তিনি উল্লেখ করেন, রাজপথে নারীদের ঢাল বানানো হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, "দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়।"
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পলাতক শেখ হাসিনা ফিরে আসার কথা বললেও তিনি কখনোই আসবেন না। তিনি আরও বলেন, "গণভোট বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে।"
সরোয়ার তুষার বলেন, "তা না হলে জুলাইয়ের তরুণদের আবারো গুলি খেতে হবে।"