নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিকের স্বজনরা জানান, তিনি নিয়মিত ইজিবাইক চালাতেন। রাতে রফিকুল সিদ্ধিরগঞ্জের ওই সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম রফিককে কিল-ঘুষি মারেন।
এ ঘটনার ফলে রফিকের নাক থেকে রক্ত বের হতে শুরু করে এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে রফিকের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিমরাইল এলাকার রেন্ট এ কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ জানান, অভিযুক্ত চালক নাদিম (৫০), যার বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়, ঘটনার পর তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।