চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ বছর বয়সী যুবক নয়ন আলী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার হাটবাকইল এলাকায় এই ঘটনা ঘটে।
নয়ন আলী হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এমদাদুল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি দ্বিতল ভবনের নিচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।
নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ বলেন, নয়ন আগুন নেভাতে গিয়ে নিহত হন। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।