আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রচেষ্টায় হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহ উন্নত না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে। তিনি শুক্রবার (১৭ জুলাই) আল-জাজিরা’র প্রতিবেদনে এ তথ্য জানান।
বৃহস্পতিবার কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোল বলেন, "হরমুজ নিয়ে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।" তিনি আরও জানান, তেল নিরাপত্তা এখনও একটি গুরুতর বিষয় এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি উন্নত না হলে উদ্বেগ বাড়বে।
হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বৃদ্ধির ফলে, পাকিস্তানে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকও ঝুঁকির মুখে পড়েছে।
আল-জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, ইরানের উপকূলীয় শহরগুলোতে মার্কিন হামলায় অবকাঠামো লক্ষ্যবস্তু হচ্ছে, যার মধ্যে দুটি সেতু রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অভাবকে সমঝোতা স্মারক বন্ধ রাখার কারণ হিসেবে উল্লেখ করেছে।
ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সেতুতে মার্কিন হামলায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এছাড়াও, ইরানের সামরিক বাহিনী জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার বিষয়টি নিশ্চিত করেছে।