ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির তদারকির কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সিরিকে টানা দ্বিতীয় রাতেও মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, একই ধরনের হামলার খবর পাওয়া গেছে বুশেহর থেকেও। খামির বন্দরের কাছে দুটি সেতুতে হামলা চালানো হয়েছে, যাতে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বান্দার আব্বাসের আল্লাহু আকবর এলাকায়ও মার্কিন হামলা অব্যাহত রয়েছে। সেখানে একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এছাড়া বান্দার আব্বাসের কাছে রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে, যাতে ২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, ইরানশাহর বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হামলার পর স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।