যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা চালায়, তবে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইরান হুথিদের বলেছে যে, তারা প্রস্তুত থাকতে হবে লোহিত সাগরের তেল পথ বন্ধ করে দেওয়ার জন্য। তিনটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে আক্রমণ হলে এই পদক্ষেপ নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ঊর্ধ্বতন ইরানি সূত্র জানায়, এই বিষয়টি ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে এবং হুথি মিত্রদের কাছে বার্তা পৌঁছানো হয়েছে।
এদিকে, বাব এল-মানদেবের কাছে হুথিরা ড্রোন মোতায়েন করেছে বলে একটি সূত্র জানায়। হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তারা হামলা চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে এবং হামলার আদেশের অপেক্ষায় রয়েছে।
হোদাইদাহ ও এডেন উপসাগর সংলগ্ন ইয়েমেনের উচ্চভূমিতে জাহাজ চলাচলের ওপর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে।