যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে লোহিত সাগরে তেল পরিবহনের পথ অবরুদ্ধ করার জন্য ইয়েমেনের হুথিদের প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইরান। এই তথ্য তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ইয়েমেনে ইরানের মিত্র হুথিদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। এ পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য নতুন বড় হুমকি তৈরি করতে পারে।
ইরানের দুটি জ্যেষ্ঠ সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, তেহরানের অনুরোধ সম্পর্কে হুথিরা সম্প্রতি অবহিত হয়েছেন, যা আগে প্রকাশ্যে জানা যায়নি।
তবে রয়টার্সের সূত্রগুলো ব্যাখ্যা করেনি কীভাবে এই বার্তা পাঠানো হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার হুমকির পর এই বার্তা পাঠানো হয়েছিল কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্র রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেননি।