আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আগামী রবিবার (১৯ জুলাই) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ দেখতে যাচ্ছেন না। তিনি জানান, মেসিদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নে কোনো ব্যাঘাত ঘটাতে চান না।
মিলেই বলেছেন, ‘লাকি টোটকা’ ভাঙতে রাজি নন তিনি। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই তিনি প্রেসিডেন্ট প্রাসাদে বসে উপভোগ করেছেন এবং প্রতিটি ম্যাচে আলবিসেলেস্তেরা বিজয়ী হয়েছে।
ফাইনালে দলের জন্য অমঙ্গল হতে চান না বলে তিনি গ্যালারিতে উপস্থিত না হয়ে নিজের কার্যালয়ে বসে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।
মিলেই আরও জানান, টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচের সময় তার অভ্যাস পরিবর্তন করে দলের ভাগ্যকে ঝুঁকিতে ফেলতে চান না। তিনি আশা করছেন, মেসিরা মাঠে কোনো বাধা ছাড়াই চতুর্থ বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন।