বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি পরীক্ষার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিলেন মাহদী আমিন

এইচএসসি পরীক্ষার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এইচএসসি পরীক্ষার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিলেন মাহদী আমিন

চলমান এইচএসসি পরীক্ষার সময় বৈরী আবহাওয়া এবং আন্দোলনের প্রেক্ষিতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি মঙ্গলবার রাতে ফেসবুকে সরকারের অবস্থান তুলে ধরেন।

মাহদী আমিন জানান, দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষার্থী-শিক্ষকদের মতামতের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, "শিক্ষার্থীদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে।"

তিনি আরও উল্লেখ করেন, চলমান পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মাহদী আমিন জানান, অন্যান্য জেলায় পরীক্ষার জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোথাও সমস্যা হলে কেন্দ্র পরিবর্তন বা পরীক্ষার সময় বৃদ্ধি করতে।

তিনি বলেন, "একই সঙ্গে, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে দুটি ভুল পাওয়ার তথ্য এসেছে। এই প্রশ্নের জন্য ফুল মার্কস দেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব নীতির প্রতিফলন।"

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নৌকায় পরীক্ষার্থী পারাপারের একটি ছবি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাহদী আমিন বলেন, "কেবল একটি কেন্দ্রের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও, বাকি কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।"

তিনি শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, "গণতান্ত্রিক যে মূল্যবোধ আমরা ধারণ করি, সেখানে গঠনমূলক ও ইতিবাচক সমালোচনা থাকতে পারে।"

বিজ্ঞাপন