২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের প্রশ্নপত্রে মারাত্মক অসঙ্গতি ধরা পড়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে মঙ্গলবার (১৪ জুলাই) চারজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, ১৩ জুলাই সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি দেখা দেয়। এ কারণে পরীক্ষার্থীরা মানসিক চাপের সম্মুখীন হন।
নোটিশে বলা হয়, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধকের কাছে এই ধরনের ত্রুটি চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া, নোটিশে বলা হয়েছে, প্রশ্নপত্রে এই গুরুতর অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত চারজন শিক্ষক হলেন: শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান, এবং সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।