উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের সৃজনশীল অংশের কয়েকটি প্রশ্নে ত্রুটি ও অসংগতির অভিযোগ উঠেছে। এই বিষয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তা আমলে নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
আজ সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা শুরু হয়। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উথাপিত বিষয়ে বোর্ড অবগত রয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার আশ্বাস দিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হয়, তবে পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে।
বোর্ড কর্তৃপক্ষ সকল পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে উদ্বিগ্ন না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ করেছে।