বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষায় জটিলতা নিরসনে সরকার ৫টি উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, আজ চট্টগ্রাম বোর্ড ছাড়া সারাদেশে ২,৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সরকারের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে: ১. সারাদেশে পরীক্ষা গ্রহণের বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চালু রাখা হয়েছে। ২. যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত, কিংবা পরীক্ষার সময় বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
৩. যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে ফুল মার্কস দেওয়া হবে। ৫. ভুল প্রশ্নপত্র প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাহ্দী আমিন আরও লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি পরীক্ষা শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সরকার পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।