রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

এইচএসসি পরীক্ষার সুষ্ঠু সম্পন্নে সরকারের ৫টি উদ্যোগ

সরকার এইচএসসি পরীক্ষার সুষ্ঠু সম্পন্নে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে।

এইচএসসি পরীক্ষার সুষ্ঠু সম্পন্নে সরকারের ৫টি উদ্যোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ৫টি উদ্যোগ নিয়েছে। বুধবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া সারাদেশের ২ হাজার ৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরা উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সরকারের নেয়া উদ্যোগগুলোর মধ্যে রয়েছে: ১. বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে সারাদেশে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চালানো। ২. যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধি করার নির্দেশনা।

৩. যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। ৫. ভুল প্রশ্নপত্র প্রণয়নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি শুধু একটি পরীক্ষা নয়; এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে।

বিজ্ঞাপন