৩৮ বছর বয়সী ডাচ রেফারি রব দিয়েপেরিঙ্ক সম্প্রতি মারা গেছেন। তিনি এবারের বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিলেন, কিন্তু গত মে মাসে ফিফার অফিসিয়ালদের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়।
দিয়েপেরিঙ্কের মৃত্যুর বিস্তারিত কারণ জানা যায়নি। তবে, গত এপ্রিলে তাঁকে যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছিল এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগের তদন্তের অংশ হিসেবে। পরে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি বন্ধ করে দেওয়া হয়।
নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) দিয়েপেরিঙ্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা একজন অত্যন্ত সম্মানিত রেফারিকে হারালাম। তবে তার চেয়েও বেশি হারালাম একজন সদয় ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে।’
ফিফাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে জানায়, ‘পুরো ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা তাঁর পরিবার, বন্ধু এবং ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তিনি শান্তিতে থাকুন।’
দিয়েপেরিঙ্ক ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ ফুটবল লিগে রেফারির দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ ইউরোতে ভিএআরের দায়িত্বেও ছিলেন। ২০২৬ বিশ্বকাপ থেকে অব্যাহতির পর তিনি ডাচ সংবাদমাধ্যম দে তেলেগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকে ‘ভুলভাবে অভিযুক্ত করা হয়েছে’ এবং এটি তাঁর জন্য ‘ভীষণ কষ্ট’দায়ক ছিল।
তিনি আরও বলেন, ‘শুরু থেকেই আমি পুলিশের তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবিকেও বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়েছি। কেএনভিবির কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, তবে ফিফা আমাকে আর বিশ্বকাপে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এটা অবশ্যই হতাশাজনক।’