নরসিংদীর পলাশে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে মারধর ও কান কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকদের মতে, তার কানে চারটি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশ জুটমিলের ভেতরে একটি নির্মাণাধীন ভবনে বালু ভরাটের কাজ করছিলেন। তিনি দাবি করেন, শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাকে জোর করে তুলে মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়।
সাখাওয়াতের অভিযোগ, ড্রেজার মেশিন বসানোর আগে মহিউদ্দিনকে জানানো হয়নি, এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি কানে কামড় দেন। পরে তাকে দ্রুত এলাকা ছাড়ার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চিশতিয়া অভিযোগের দায় স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের একটি কর্মসূচি রয়েছে, সেটি শেষে ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার বিস্তারিত জানাবেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।