রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেন সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের প্রধান ডেনিস স্টিলারম্যান। তিনি সতর্ক করেছেন যে, যুদ্ধবিরতির পর পশ্চিমা বিশ্ব কিয়েভকে ভুলে যাবে এবং এই সুযোগে রুশ বাহিনী পুরো ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে পারে।
স্টিলারম্যান ইউক্রেনীয় সংবাদমাধ্যম ‘লিগানেট’-এ সাক্ষাৎকারে বলেন, মস্কোর সঙ্গে যুদ্ধবিরতি হলে কিয়েভের রাষ্ট্রসত্তা হুমকির মুখে পড়বে। তিনি জানান, যুদ্ধবিরতির পর কিয়েভের সমর্থকেরা তাদের পরিত্যাগ করবে এবং পশ্চিমা দেশগুলো আর্থিক ও সামরিক সহায়তা বন্ধ করে দেবে।
তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের উদাহরণ উল্লেখ করে বলেন, পূর্বে তারা বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি।
এদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন সংঘাত অবসানে পশ্চিমাদের আগ্রহ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, পশ্চিমা নেতারা এক দশকেরও বেশি সময় ধরে শান্তিচুক্তির প্রতিটি প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছেন।
ল্যাভরভ দাবি করেন, ২০২২ সালে মস্কো-কিয়েভ সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ছিল, কিন্তু সেটি নস্যাৎ করে দেয় ওয়াশিংটন ও তার মিত্ররা।