সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থার বিষয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর তার স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু হয়।

ইবরার টিপুর স্ত্রী, সংগীতশিল্পী বিন্দু কণা, তার স্বামীর শারীরিক অবস্থার বিষয়ে ফেসবুক লাইভে বিস্তারিত জানান। তিনি বলেন, দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে এবং এরপর তাকে একটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।

বিন্দু কণা জানান, "ইবরার টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সেরে উঠবে।" তিনি আরও বলেন, সম্প্রতি ভিডিও দেখে অনেকেই চিন্তিত হয়ে ফোন করেছেন, জানতে চেয়েছেন কী হয়েছে।

তিনি বলেন, "আমরা আসলে বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু সম্প্রতি টিপুর বর্তমান চেহারা দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকেই। তাই বিষয়টি জানানো প্রয়োজন মনে করেছি। সবাই তার জন্য দোয়া করবেন।"

ইবরার টিপু এর আগে একটি সাক্ষাৎকারে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন এবং মানসিকভাবে দৃঢ় থাকতে সংগীতচর্চায় ব্যস্ত রয়েছেন। নতুন গান তৈরির কাজই তাকে শক্তি জুগিয়েছে।

তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে কাজ করছেন ইবরার টিপু। তার সুরে অসংখ্য জনপ্রিয় শিল্পী গান গেয়েছেন। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

বিজ্ঞাপন