সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় এসএসসি খাতা মূল্যায়নে অনিয়ম, প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার।

কুমিল্লায় এসএসসি খাতা মূল্যায়নে অনিয়ম, প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তাঁর ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র একজন পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তাঁর ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। অভিযুক্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিডিওতে উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যাওয়া ছাত্র মেহেদী হাসান একই বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

মামলায় প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে আসামি করা হয়েছে। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার জানান, শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন