সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, 'ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব।'
তিনি আরো বলেন, 'সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।'
প্রধানমন্ত্রী জমির উদ্দিন সরকারের অবদানের কথা উল্লেখ করে বলেন, 'গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা এবং সংসদীয় সংস্কৃতির বিকাশে তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।'
তিনি বলেন, 'জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল। রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেও তিনি দলের আদর্শকে সমুন্নত রেখেছেন।'
প্রধানমন্ত্রী মরহুমের বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে বলেন, 'গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান বিএনপির ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।'
তিনি বলেন, 'ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও দক্ষ সংসদীয় ব্যক্তিত্বকে হারাল। তাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।'
প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।