সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে একটি গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। শনিবার (১১ জুলাই) অতিরিক্ত পানির চাপে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়।
এতে অন্তত ৮ গ্রামের প্রায় ৫ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রৌয়াইল, হিলালপুর, টেংরাখালি, মেঘেরকান্দি, হরিনাকান্দিসহ আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সড়কটি ভেঙে যাওয়ার ফলে যান চলাচল বন্ধ রয়েছে।
পানির তীব্র স্রোতের কারণে এখনই সড়কটি মেরামত করা সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয়রা বিকল্প পথ ব্যবহার করে যাতায়াত করছেন।