রাজধানীর বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন নিম্নাঞ্চলে ভারী বৃষ্টির কারণে পানি জমে গেছে। এর ফলে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
আজ রোববার বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে এ বিষয়ে একটি বার্তা প্রকাশ করা হয়েছে। বার্তায় জানানো হয়, টানা বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে বলা হয়, এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজট দেখা দিচ্ছে। বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।
পুলিশের বার্তায় সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করতে। জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালাতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
এছাড়া, বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে।