রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নিকলী হাওর থেকে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

নিকলী হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক পর্যটকের মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার।

নিকলী হাওর থেকে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ৪০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত শফিকুল ইসলাম তুলু (২৮) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি গোসল করতে নেমে নিখোঁজ হন। নিকলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবীব জানান, শফিকুল ইসলাম নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু হয়।

রোববার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন।

একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবার অভিযান স্থগিত করা হয়। শনিবারও অভিযান চালানো হয়।

রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন