মাদারীপুর সদর মডেল থানায় বারান্দার গ্রিল ভেঙে পালিয়ে গেছেন এক নারী আসামি। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।
পালিয়ে যাওয়া নারী আসামির নাম হাসিনা বেগম (৩৫), যিনি মাদারীপুর পৌরসভাধীন থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী। পুলিশ জানায়, হাসিনা বেগমকে গত বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছিল।
থানার মূল ভবনটি নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে সদর থানার ওসির বাসভবনের নিচতলায় আসামিদের রাখা হয়। এখানে হাজতখানা না থাকলেও বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে হাসিনাকে রাখা হয়েছিল। রাত দেড়টার দিকে তিনি ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।
পালিয়ে যাওয়া আসামির ব্যাপারে জানতে চাইলে ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান বলেন, "আমি কথা বলতে পারি না। আলফা ফাইভের সঙ্গে কথা বলেন। আমার কথা বলা নিষেধ।"
এদিকে, ঘটনার তদন্তের জন্য শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এসপি মো. হাবিবুর রহমান বলেন, "ওসির বাসভবনে থানার অস্থায়ী কার্যক্রম চালু আছে। ওই ভবনের বারান্দায় আসামি রাখা হয়েছিল। তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।"