শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আগৈলঝাড়া থানায় হামলা: গ্রেপ্তার ১৮, মামলা হয়েছে ৪৩ জনের বিরুদ্ধে

বরিশালের আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আগৈলঝাড়া থানায় হামলা: গ্রেপ্তার ১৮, মামলা হয়েছে ৪৩ জনের বিরুদ্ধে

বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানায় হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৮ জুলাই আগৈলঝাড়া ফিলিং স্টেশনের সামনে চুরি মামলার আসামি মো. রিয়াজ ফকিরকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। আটক রিয়াজ ফকির ফুল্লশী গ্রামের মো. ছিদ্দিক ফকিরের ছেলে। গ্রেপ্তারের পর শারীরিক অসুস্থতা অনুভব করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রিয়াজের পরিবার গুজব ছড়ায় যে তিনি মারা গেছেন। এই গুজবের জেরে রিয়াজের বাবা সিদ্দিক ফকির, চাচা কাঞ্চন ফকির, দাদা হাসেম ফকির এবং মা নাসরিন বেগমসহ ২০০ থেকে ৩০০ জন উত্তেজিত জনতা থানায় হামলা চালায়।

হামলাকারীরা থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ডিউটি অফিসারের কক্ষে ঢুকে এএসআই মো. আব্দুল হালিমকে মারধর করে। এসময় উত্তেজিত জনতা থানাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ডিউটি অফিসারের রুমে ভাঙচুর করে। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

বিজ্ঞাপন