বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেওয়া এবং জমি নিজের নামে লিখে নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম বাদী হন।
রাশেদা বেগম অভিযোগ করেন, তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি এবং মায়ের নামে থাকা জমি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। বর্তমানে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীততরা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে অবস্থান করছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে।