পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ৪ বছরের শিশু উর্মী (৪) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী গৌড়ীয় মঠের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে। স্থানীয়রা জানান, উর্মী তার বাবা-মায়ের সাথে চিকিৎসার জন্য দেবীগঞ্জের একটি ক্লিনিকে গিয়েছিল। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যরা বিশ্রাম নিচ্ছিলেন।
এ সময় উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠে যায়। রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি থামিয়ে চালক ও স্থানীয়রা উদ্ধারকাজে সহযোগিতা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।