বাংলাদেশি–কানাডীয় নির্মাতা ওয়াহিদ ইবনে রেজার স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ‘আফটার আস’ কানাডার মর্যাদাপূর্ণ লিও অ্যাওয়ার্ডস ২০২৬-এ সেরা অ্যানিমেশন প্রোগ্রামের পুরস্কার অর্জন করেছেন। এছাড়া, ছবিটি সেরা শিল্প নির্দেশনা ও সেরা শব্দ পরিকল্পনা বিভাগেও পুরস্কার লাভ করেছে।
লিও অ্যাওয়ার্ডসের এবারের আসর ৪ ও ৫ জুলাই ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই পুরস্কার ব্রিটিশ কলাম্বিয়ার চলচ্চিত্র, টেলিভিশন, অ্যানিমেশন ও ডিজিটাল কনটেন্টের সেরা কাজকে স্বীকৃতি দেয়। ‘আফটার আস’ এবার চারটি বিভাগে মনোনয়ন পায়, যার মধ্যে সেরা অ্যানিমেশন প্রোগ্রাম, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা শব্দ পরিকল্পনা বিভাগে বিজয়ী হয়।
সেরা অ্যানিমেশন প্রোগ্রাম বিভাগে ‘আফটার আস’-এর প্রতিদ্বন্দ্বী ছিল আন্তর্জাতিক প্রযোজনা যেমন ‘ডায়েরি অব আ উইম্পি কিড: দ্য লাস্ট স্ট্র’, ‘লেগো: ডিজনি ফ্রোজেন—অপারেশন পাফিনস’, ‘স্নুপি প্রেজেন্টস: আ সামার মিউজিক্যাল’ এবং ‘লুইম্যাক্স ড্রিমস অব বিইং অ্যান অ্যাডাল্ট’। ওয়াহিদ ইবনে রেজার চলচ্চিত্র এই প্রতিযোগিতায় সেরার স্বীকৃতি অর্জন করেছে।
মাত্র ৫ মিনিট ৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘আফটার আস’ কানাডার জাতীয় চলচ্চিত্র বোর্ডের প্রযোজনায় নির্মিত হয়েছে। এই ছবিতে মানুষের অস্তিত্ব বিলীন হওয়ার পর পৃথিবীতে টিকে থাকা একটি নেকড়ে ও একটি উলভারিনের যাত্রার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন, প্রকৃতির পুনর্জন্ম এবং টিকে থাকার সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
পুরস্কার জয়ের পর ওয়াহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, শৈশবে বনভোজনের খেলায় জিততে না পারলেও সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি খেলনা গিটার পেয়েছিলেন, যা পরে ফেরত দিতে হয়েছিল। তিনি চারটি মনোনয়নের বিপরীতে তিনটি পুরস্কার জিতে দলের সবাইকে অভিনন্দন জানিয়ে রসিকতার সুরে লেখেন, ‘খারাপ নয়, একেবারেই খারাপ নয়।’