বরিশালে সাতটি শিয়াল জবাইয়ের পর রান্না করে মাংস দিয়ে রুটি-পিঠা খাওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ময়দানখোলা এলাকায় এই ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ৬০ থেকে ৭০ জনের একটি দল ওই এলাকার জঙ্গলে গিয়ে শিয়ালের আস্তানায় হানা দেয়। শিয়ালগুলো পালানোর চেষ্টা করলে টেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাতটি শিয়াল ধরে ফেলা হয়। পরে সেগুলো স্থানীয় বাজারে নিয়ে জবাই করা হয়।
অভিযোগ রয়েছে, ওই দিন রাতেই শিয়ালের মাংস রান্না করে রুটি-পিঠার সঙ্গে খাওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে স্থানীয়দের অভিযোগ, আইন অমান্য করে শিয়াল হত্যা করে সেই মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। বন্যপ্রাণী হত্যা এবং তার মাংস বিক্রির প্রচারণা দেশের প্রচলিত বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লোক পাঠানো হয়েছে।"