পটুয়াখালীর বাউফলে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মো. মুসা (৫০) নামে ওই শিক্ষক উপজেলার নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠের শিক্ষক ছিলেন। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মো. মুসা নুরাইনপুর গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন। কালিশুরি-বাউফল সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাঈম শিকদার জানান, তাকে খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তবে চিকিৎসার সময় তিনি মৃত্যুবরণ করেন।
চিকিৎসক জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু প্রাথমিক চিকিৎসার মধ্যেই তার মৃত্যু ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।