স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অপরিকল্পিত নগরায়ণের জন্য সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতা দায়ী। শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, কোনও মেগা প্রকল্পের ব্যয় রাজনৈতিক ব্যক্তিদের নয়, প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতে নির্ধারিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় পরিকল্পনা না মেনে সড়ক ও অবকাঠামো নির্মাণের ফলে ডিটেইল্ড এরিয়া প্লান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
মীর শাহে আলম বলেন, বিপুল জনগণের চাহিদা পূরণে সরকারের এখন দীর্ঘমেয়াদী ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়ার প্রয়োজন। তিনি সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান।
এ সময় নবায়নযোগ্য জ্বালানির ওপর সরকারের বিশেষ গুরুত্ব থাকার কথাও উল্লেখ করেন তিনি। বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম অন্তর্ভুক্ত করার জন্য প্রকৌশলীদের নির্দেশনা দেন স্থানীয় সরকারমন্ত্রী।