চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল শনিবার (১১ জুলাই) স্থগিত করা হয়েছে। টানা ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা অন্তর্ভুক্ত সকল জেলার পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড: ২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, বিদ্যুৎ না থাকায় সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে মাইকিং করে এলাকায় পরীক্ষার্থীদের ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এদিকে, গত বুধবার (৮ জুলাই) বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। সেই পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।