জুলাই জাদুঘর দ্রুত সময়ের মধ্যেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। শুক্রবার সকালে কুমিল্লায় ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে। সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হবে।’ তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল, কিন্তু বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’ সংস্কৃতিমন্ত্রী অতীতে সরকারের সংস্কৃতিক নিদর্শন ধ্বংসের সমালোচনা করেন এবং বলেন, ‘গত ১৮-২০ বছর ধরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস হয়েছে।’
মন্ত্রী জানান, বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। এর আগে তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।