কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদরাসার ওপর পাহাড় ধসে ৮ জন নিহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে ক্যাম্প পাঁচের ব্লক পাঁচে এ দুর্ঘটনা ঘটে।
টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়ে খাদিজাতুল কোবরা মাদরাসা ও হিফজখানার ওপর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।
নিহতদের মধ্যে ৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। এছাড়া, আহত ৬ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় মাদরাসায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনেকে দ্রুত বেরিয়ে আসতে পারলেও, কিছু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও স্থানীয় রোহিঙ্গারা।