বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাজেক ভ্যালিতে ভারী বৃষ্টির শঙ্কায় পর্যটন কেন্দ্র বন্ধ

রাঙামাটির সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র ভারী বৃষ্টির শঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাজেক ভ্যালিতে ভারী বৃষ্টির শঙ্কায় পর্যটন কেন্দ্র বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসক নাজমা আশরাফির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কটেজ, পাহাড়ি ট্রেইল, ঝুঁকিপূর্ণ এলাকা এবং দুর্গম স্থানে পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া জেলা প্রশাসন সবাইকে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞাপন