২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন ডলার বা ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
গত জুন মাসে একক মাস হিসেবে রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ। যদিও যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে রপ্তানি খাতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবুও বাংলাদেশ সফলভাবে তার বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ছিল ৮৬৯ কোটি ডলার, যা বর্তমান বছরে ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং বাজারের অনিশ্চয়তা রপ্তানি খাতে কিছুটা প্রভাব ফেলছে। তাই উচ্চমূল্যের ওভেন পোশাক, প্রযুক্তিনির্ভর এবং মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)-এর পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ।