২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ফরাসিদের একের পর এক আক্রমণ সত্ত্বেও গোল করার জন্য অপেক্ষা করতে হয় ৪৫ মিনিট পর্যন্ত।
প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে উসমান দেম্বেলের পাস থেকে একটি জোরালো শটে সুইডিশ রক্ষণভাগ ভেঙে দেন। এই গোলটি এমবাপ্পের চলতি বিশ্বকাপে পঞ্চম এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৭তম আন্তর্জাতিক গোল।
ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের আক্রমণ ছিল চোখে পড়ার মতো। ২০তম মিনিটে এমবাপ্পে একটি গোল করেন, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের পতাকায় সেই গোল বাতিল হয়। এরপর ৩২ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে এমবাপ্পের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে।
৩৬তম মিনিটে মাইকেল ওলিসের একটি বাইসাইকেল কিক দর্শকদের মুগ্ধ করলেও সেটিও পোস্টে লেগে ফিরে আসে। ফ্রান্সের হতাশা তখন বাড়তে থাকে, যখন উসমান দেম্বেলের নেওয়া শটও পোস্টের বাইরে চলে যায়।
তবে প্রথমার্ধের শেষ মিনিটে দেম্বেলে ও এমবাপ্পে জুটি আরেকটি সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। দেম্বেলের চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করে ফ্রান্সকে ১-০ লিড এনে দেন এমবাপ্পে।